বাংলাদেশের উত্তরে ভারতের সিকিম রাজ্যে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই কম্পন নেপাল, চীন ও ভুটানের কিছু অংশেও অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম সিকিমে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল থেকে বাংলাদেশ প্রায় ৫৫ মাইল (৮৮ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত। এ ছাড়া নেপাল, চীন ও ভুটানের কয়েকটি এলাকাতেও কম্পনের প্রভাব অনুভূত হয়েছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের ফলে উৎপত্তিস্থলের আশপাশের এলাকায় মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কম্পন অনুভূতির ৩১টি প্রতিবেদন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, হিমালয় সংলগ্ন অঞ্চল হওয়ায় সিকিম ও আশপাশের এলাকাগুলো ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত।
এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতসহ মোট পাঁচটি দেশে ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিকবার কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১টা ৩৯ মিনিট থেকে ভোর ৩টা ৪১ মিনিট পর্যন্ত এসব কম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ৪.০ থেকে ৪.৬-এর মধ্যে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, এসব কম্পন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। তবে এসব ঘটনার পরেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রদা/ডিও







