রোববার (২২ নভেম্বর) শুরু হওয়া এ বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।
বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধি দলের হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানিবণ্টনসংক্রান্ত তথ্য বিনিময়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এদিকে, বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলে ন্যায্য হিস্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করার দাবি উঠেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, উজানে গঙ্গা নদীর ওপর ভারতের বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রভাবে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ কমে যায়। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
ওই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান ছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে দুই দেশ ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিন পরপর পানি বণ্টনের কথা রয়েছে। চুক্তির নির্ধারিত সূচি অনুযায়ী, উভয় দেশের ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।






