একই সময়ে সরকারের উদ্যোগে আধুনিক সংরক্ষণাগার স্থাপনের ফলে স্থানীয় বাজারে অপেক্ষাকৃত কম দামে রান্নার অন্যতম প্রধান এই উপাদানটির ব্যাপক সরবরাহ নিশ্চিত হয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অফ-সিজনে ফসল সংগ্রহোত্তর অপচয় ১০ শতাংশ কমিয়ে আনার মাধ্যমে বার্ষিক সংকট মোকাবিলার পথ সুগম হয়েছে।
সাধারণত দেশে ফসল সংগ্রহোত্তর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ হয়ে থাকে, যা তীব্র পচন বা বৈরী আবহাওয়ার সময় ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে। তবে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার কারণে অফ-সিজনেও বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
দেখা যায়, এই অপচয়ের ফলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মৌসুমি সরবরাহ সংকট তৈরি হয়। এতে দাম বাড়ায় আমদানির ওপর নির্ভরতা বেড়ে যায়। তবে ব্যাপক ফলন এবং তৃণমূল পর্যায়ে ‘এয়ার-ফ্লো’ মেশিন বিতরণের মাধ্যমে কৃষকদের আধুনিক সংরক্ষণ সুবিধায় দেশে গত ১১ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে।
এমনকি আমদানি বন্ধ রাখার মাধ্যমে এ সময়ে দেশে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৪ হাজার ৭৬৪ কোটি টাকারও বেশি) সাশ্রয় হয়েছে। মূলত সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে দেশীয় পেঁয়াজের মজুত শেষ হয়ে গেলে এই আমদানির প্রয়োজন হতো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন উৎপাদনের বিপরীতে পেঁয়াজ আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে আমদানির পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ টনে দাঁড়িয়েছিল।
ডিএই’র মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, ‘আমাদের এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলেছি। এটি অফ সিজনে বার্ষিক সরবরাহ সংকট মেটাতে যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।
তিনি জানান, এ পর্যন্ত কৃষক পর্যায়ে মোট ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে এবং চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।
এই ব্যবস্থার আওতায় কৃষকদের মুনাফার বিষয়ে ডিএই কর্মকর্তা বলেন, পেঁয়াজ একটি লাভজনক ফসল। কারণ এখন কৃষকরা প্রতি বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পেঁয়াজ পাচ্ছেন এবং তা ১ লাখ টাকায় বিক্রি করছেন। তাই কৃষকরা নিজেদের লাভের জন্যই স্বতঃস্ফূর্তভাবে পেঁয়াজ চাষ করছেন।
এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ করে দিয়েছে। ফলে চলতি বছরে দেশে আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে মাত্র ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানি করা হয়।
এমনকি চলতি বছর দেশে ৩ লাখ হেক্টরেরও বেশি জমিতে ৫০ লাখ ৯০ হাজার টন উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা গত বছরের উৎপাদনের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি।
ফসল সংগ্রহের দুই সপ্তাহ আগে মার্চের শেষে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর প্রতি বিঘা জমিতে পেঁয়াজের উৎপাদন ৭০ মণের পরিবর্তে বেড়ে ১০০ মণ পর্যন্ত হয়েছে।
একই সময়ে সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সরকার কৃষকদের মাঝে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করেছে। এই প্রযুক্তি বা যন্ত্রটি মূলত দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু চলাচল নিশ্চিত করে, যা শেষ পর্যন্ত সারা বছর বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখে।
বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনশীল এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ অভিযোজন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান বলেন, পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের মাঝে পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ পেঁয়াজ আমদানি বন্ধ রাখতে ভূমিকা রেখেছে।
আধুনিক এই সংরক্ষণ প্রযুক্তি স্থাপনের জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২৭ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। যেখানে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার টাকা, মাচা বা প্ল্যাটফর্ম তৈরির জন্য ৭ হাজার টাকা এবং কৃষকের বাড়িতে একটি সাইনবোর্ড লাগানোর জন্য ১ হাজার টাকা বরাদ্দ ছিল।
এই প্রযুক্তি বিতরণের ফলে কৃষকরা ইতোমধ্যে ৩ লাখ টন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করেছেন। কেননা প্রতিটি মেশিনের প্রায় ১০ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে।
পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬টি জেলার ১০৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।
এছাড়া, প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ জন কৃষক কারিগরি প্রশিক্ষণ পাচ্ছেন।
গ্রীষ্মকালীন বা মুড়িকাটা জাতের পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ৪০টি জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ (ইআইভিটিএসপি)-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে।
এর আগে গৃহীত ১৩৭ দশমিক ৪২ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান রয়েছে।







