২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ রিটেইল এবং ৩৫ শতাংশ এসএমই খাতে বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
এছাড়া ভবিষ্যতে করপোরেট খাতের বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহের ওপরও গুরুত্ব দেন তিনি।
শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, চিন্তাবিদ ও ব্যাংকারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় গভর্নর এসব কথা বলেন।
গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে উৎপাদন ও বাজারে পণ্যের সরবরাহব্যবস্থা ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চলতি অর্থবছরের মধ্যেই এ প্যাকেজের অর্থ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, মুদ্রানীতিকে অধিকতর কার্যকর করতে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শক্রমে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।
অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। এতে মুদ্রানীতির ধারণা, প্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।
সভায় অংশীজনেরা বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রশ্ন তুলে ধরেন। গভর্নর তাঁদের মতামত ও পরামর্শ নথিভুক্ত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারলেও অনিশ্চয়তা মোকাবিলা করতে পারেন না। গত কয়েক বছরে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন-ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এতে উৎপাদন ব্যয় ব্যাপকভাবে বেড়েছে।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো দেশের মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এএম মাহবুব চৌধুরীর এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, অপ্রত্যাবাসিত রপ্তানি আয় ও পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তির সম্পদ চিহ্নিত করে জব্দ করা হয়েছে। সেসব সম্পদ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া পণ্যের উৎপাদন ব্যয় কমাতে মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ঋণের সুদের হার কমানোর পরামর্শ দেন ব্যবসায়ীরা।
সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (প্রশাসন) স্বরূপ কুমার চৌধুরী, পরিচালক (বৈদেশিক মুদ্রা ও এসএমই) মাহবুবুল আলম, পরিচালক (পরিদর্শন) মো. নুরুল আলম, পরিচালক (ব্যাংকিং) ইয়াসমিন রহমান বুলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিকেএমইএর সহসভাপতি গাওহার সিরাজ জামিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ তাছলিম উদ্দীন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা।






