চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। একটি অভিযোগের তদন্তের স্বার্থে মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁর ফোন দুটি জব্দ করা হয়। তাঁকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
তবে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে বলে পুলিশ সদস্যদের মধ্যে খবর ছড়িয়ে পড়লেও ডিআইজি জানিয়েছেন, তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামে আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ইউনিটের একটি দল নগরের হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীর আলমকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ায় তাঁকে নজরদারিতে রাখা হয়েছে বলেও দাবি করেন ওই কর্মকর্তা।
তবে এ তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি আগামীর সময়কে বলেন, জাহাঙ্গীর আমার অধীনস্থ ডেপুটি কমান্ড্যান্ট। সে আটক কিংবা গ্রেপ্তার হলে তো আমি সবার আগে জানব। আমি নিশ্চিত করছি, তাকে আটক-গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল (মঙ্গলবার) তার দুইটা মোবাইল সিজ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, অভিযোগের বিষয়ে এক লাইন, এক শব্দও বলতে পারব না।
জাহাঙ্গীর আলম কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধুমাত্র মোবাইল দুইটা আমাদের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।







