বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ৬০ লাখ আনসার সদস্যকে লক্ষ্য করে চলতি বছরে ১ লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। দেশভিত্তিক বেতন কাঠামো ও ব্যবস্থাপনার মান যাচাই-বাছাই করে তাদের কাজের ছাড়পত্র দেওয়া হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের নির্ধারিত চাহিদার ভিত্তিতে দক্ষ জনশক্তি রপ্তানি করা হবে।
জনশক্তি রপ্তানির পরিধি বাড়াতে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে ব্যাপক আলোচনা চলছে।এর আগে সিঙ্গাপুর, মালদ্বীপ, মরক্কো ও কসোভোর রাষ্ট্রদূতেরা আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে তাদের স্বাগত জানান বাহিনীর মহাপরিচালক।
পরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা আনসার সদস্যদের কারিগরি দক্ষতার মান পরিদর্শন করেন।এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।