লোহিত সাগরে ইয়ামেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা মোট ১৪ জন ক্রুর মধ্যে ১৩ জন ভারতীয় নাবিক এবং ১ জন ইয়ামেনি নাগরিক ছিলেন। ইয়ামেনি বাহিনী তাদের সবাইকে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দিয়েছে।
এমএসভি ফাইজে নুরে অলিয়া নামের এই জাহাজটি হুতি নিয়ন্ত্রিত হুদায়দাহ বন্দর শহর থেকে প্রায় ১৩ সামুদ্রিক মাইল দক্ষিণে হামলার শিকার হয়। ইয়ামেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স বা গার্ডস অব দ্য রিপাবলিক এক বিবৃতিতে জানায় যে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে সব নাবিককে নিরাপদে উদ্ধার করে মোখা বন্দরে নিয়ে এসেছে
ভারত সরকার এই নিরপরাধ জাহাজের ওপর ‘অহেতুক’ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ভারতের বন্দর, নৌপরিবহন ও পানিপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান যে নাবিকদের সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ঘটনা তদন্তসহ উদ্ধার নাবিকদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য ডিরেক্টর জেনারেল মেরিন অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইয়ামেন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রাখছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে এমন ধারাবাহিক হামলাকে ‘গভীর উদ্বেগজনক’ উল্লেখ করে আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক পানিপথে অবাধ নৌ চলাচল ও বাণিজ্য পুনরুদ্ধারের আহ্বান জানায় ভারত।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর বৈশ্বিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উত্তর ইয়ামেন ও বাব এল-মান্দেব প্রণালীর উপকূল নিয়ন্ত্রণকারী হুতিদের এই অবস্থানের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন করে মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে।
সূত্র: এনডিটিভি







