চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে খসড়া কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করে।
সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ শীর্ষক প্রকল্পের অধীনে এনসিটি পরিচালিত হবে।
চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরটি ১৫ বছর টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।
চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর। এর গুরুত্বপূর্ণ কনটেইনার হ্যান্ডলিং সুবিধাগুলোর একটি হলো নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। ফলে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে টার্মিনালটির পরিচালনা বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার জন্য আন্দোলন করে আসছে বন্দর রক্ষা কমিটিসহ বেশ কিছু সংগঠন। তারা মশাল মিছিল, গোলটেবিল বৈঠকসহ নানান কর্মর্সূচি বাস্তবায়ন করেছে।
এক প্রতিক্রিয়ায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হলে এর সঙ্গে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক, সামরিক ও সার্বভৌমত্বের প্রশ্নও জড়িত হবে।
তার মতে, বন্দরের পরিচালনার দক্ষতা বাড়াতে বিদেশি কোম্পানির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। কাস্টমস, আমলাতন্ত্র ও অবকাঠামোর সংস্কারের পাশাপাশি দেশীয় সক্ষমতা বাড়াতে হবে।
আনু মুহাম্মদ বলেন, ‘বিদেশি কোম্পানি আনার অর্থটা এটা শুধু অর্থনৈতিক নয়, এটার যে রাজনৈতিক–সামরিক মাত্রাটাও আছে, সেটাও আমাদের খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’
এদিকে একই বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিষ্ঠান ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আমদানি করা হবে। রাশিয়ার জেএসসি শচেকিনোআজট হবে ওই সারের প্রস্তুতকারক।







