মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহণ পরিস্থিতির উন্নতির প্রত্যাশায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। একই সঙ্গে বছরের শেষ প্রান্তিকে চাহিদার তুলনায় তেলের সরবরাহ বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
তবে ওই অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঝুঁকি এবং ট্যাংকার সংকট এখনো উদ্বেগের কারণ হয়ে রয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবারও দরপতনের মধ্য দিয়ে বিশ্ববাজারে তেলের লেনদেন শেষ হয়। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তৈরি হওয়া ভূরাজনৈতিক ঝুঁকি কমার সম্ভাবনা খতিয়ে দেখছিলেন বিনিয়োগকারীরা।
এর প্রভাবে আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছিল।এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থেকে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। যদিও এ অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঝুঁকি এখনো রয়েছে।
আইইএর পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। যা সম্ভাব্য চাহিদার তুলনায় প্রতিদিন ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে একই সময়ে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছিল সংস্থাটি।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির বদলে অতিরিক্ত তেলের সম্ভাবনা বিবেচনা করছেন। এতে বাজারের সামগ্রিক মনোভাবেও পরিবর্তন আসছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর দেওয়া ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এই আইনে যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহণের ক্ষেত্রে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। নতুন ছাড়ের ফলে বিদেশি পতাকাবাহী জাহাজও যুক্তরাষ্ট্রের বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেল পরিবহণ করতে পারবে।
তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল পরিবহণের ট্যাংকার সংকটের কারণে পরিবহণ ব্যয় এখনো বেশি রয়েছে।
এর মধ্যেই রোববার রাতে হরমুজ প্রণালীর পূর্বদিকে একটি নৌমাইনে আঘাত লেগে তেলবাহী একটি ট্যাংকারে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হলেও মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি।
তথ্যসূত্র: রয়টার্স