বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে আগ্রহী সরকার। এ খাতে বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি।
বিশেষ করে এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আগ্রহী।’দেশের বর্তমান সংকটকে কেন্দ্র করে কেউ যেন সুযোগ নেওয়ার চেষ্টা না করে, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘দেশের ক্রাইসিস মোমেন্টে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।
তাদের বলতে চাই, দেশের ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কিছু হাসিল করতে পারবেন না।’অতীত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘অতীতের সরকার উন্নয়নের নাম দিয়ে ১৬ বছর ক্ষমতায় ছিল।
আমরা ক্ষমতায় এসে দেখলাম, যেখানে পয়সা বানানোর সুযোগ ছিল, সেখানেই উন্নয়ন হয়েছে।’বর্তমান গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন একটা এফএসআরইউ বন্ধ হয়েছে আর সারা দেশে গ্যাসের জন্য হাহাকার লেগে গেছে। গ্যাস সংকট নিয়ে আমরা শিল্পমালিকদের সঙ্গে বসব। আমাদের দেশের শিল্পমালিকরা যেন বিপদে না পড়েন, সেদিকে আমরা খেয়াল রাখছি।’
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে সতর্কতার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের খুব সতর্কতার সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে এগোতে হবে। কেননা এগুলো করার কারণে অনেক ফাইন্যান্স বন্ধ হয়ে গেছে।’
সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সোলারের ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ। এটাকে বিজনেস অরিয়েন্টেড করার জন্য আমরা কাজ করেছি। দুই মাসের মধ্যে আমরা পলিসি তৈরি করেছি। আমরা নীতিতে যা বলেছি, সেটাই বাস্তবায়ন হবে। ওপেক্স মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশে সোলার ছড়িয়ে দেওয়া হবে।’