নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুরে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।
ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাটির ৩৬ কিলোমিটার গভীরে।
এর আগে চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩। সে সময়ও শিবপুরই ছিল উৎপত্তিস্থল।
এর আগে গত ২২ জুন নরসিংদী ও এর আশপাশের অঞ্চলে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যেটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।
সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিও নরসিংদীতে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
গত বছরের ২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।







