বাহিনীটির দাবি, দীর্ঘদিনের কষ্টার্জিত মাত্র ২০ হাজার টাকার লোভেই ববির ওপর চালানো হয় নির্মম হামলা, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।
গ্রেপ্তাররা হলেন, ইলিয়াস (৩৫), সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত (২০)।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত ববি বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এরপর র্যাব-১১-এর একটি দল নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। একই সময়ে র্যাব-৯-এর আরেকটি দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের নতুন ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, ববি বেগমের কাছে নগদ অর্থ রয়েছে, এ তথ্য আগে থেকেই তাদের জানা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে তার ওপর হামলা চালিয়ে মারধর করে প্রায় ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যান তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় ববি বেগমের মৃত্যু হলে ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।
রেলস্টেশন ও রেলপথে অপরাধীদের আনাগোনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, রেলপথের নিরাপত্তার দায়িত্বে রেলওয়ে পুলিশ রয়েছে। তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এরপরও যদি কোনো ঘটনা র্যাবের নজরে আসে, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তার পাঁচ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।







