কক্সবাজারের চকরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং একই সাথে ফোরকানিয়া (ধর্মীয় শিক্ষা) কার্যক্রমের শুভ সূচনা করেছে ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্বপ্নপূরণ (মমতার পাঠশালা)’।
আজ ০৫/০৬/২০২৬ ইং তারিখ, রোজ শুক্রবার স্কুল প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং একই সাথে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে ফোরকানিয়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সামাজিক সংগঠন ‘SAY Bangladesh’-এর সার্বিক সহযোগিতায় এই পুরো কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন স্বপ্নপূরণ (মমতার পাঠশালা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ারুল মুবিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের যেমন সাধারণ শিক্ষার প্রয়োজন, তেমনি তাদের নৈতিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যেই আজ থেকে আমরা সাধারণ শিক্ষার পাশাপাশি ফোরকানিয়া কার্যক্রম চালু করলাম। আমাদের এই মানবিক পথচলায় পাশে থাকার জন্য SAY Bangladesh-কে ধন্যবাদ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক আরিফুল ইসলাম মারুফ, প্রকল্প পরিচালক ও শাখা প্রধান সৈয়দ দিদারুল কবির, এবং সহকারী পরিচালক ও সহকারী প্রধান মৌলানা আবদুর রহিম।
উপস্থিত বক্তারা এই দ্বিমুখী (সাধারণ ও ধর্মীয়) শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এই অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।







