বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে একটি আধুনিক জরিপ জাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য হাইকমিশন রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকো-ক্লাস হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ বিক্রির লক্ষ্যে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি সই করেছে বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাজ্য। এই চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্ব আরও জোরদার হলো।
চুক্তি সই অনুষ্ঠানটি ঢাকার নৌ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ নৌবাহিনী, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাজকীয় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিপ কার্যক্রম, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত এইচএমএস এন্টারপ্রাইজ জাহাজটি বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। পাশাপাশি এটি হাইড্রোগ্রাফিক, ওশানোগ্রাফিক ও বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখবে এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে।
চুক্তি সই অনুষ্ঠানে যুক্তরাজ্যের পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার সারাহ কুক, প্রতিরক্ষা অ্যাটাশে কমান্ডার লি নর্টন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাণিজ্যিক কর্মকর্তা ন্যানিস কালোবুলাওয়াসাইকাবারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং সহকারী নৌবাহিনীপ্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল জাহাঙ্গীর আদিল সামদানী।
হাইকমিশনার সারাহ কুক বলেন, এইচএমএস এন্টারপ্রাইজ রাজকীয় নৌবাহিনীতে সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করেছে। জাহাজটি বিক্রির মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার গভীর আস্থা ও দৃঢ় সহযোগিতার প্রতিফলন ঘটেছে। এটি বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর গঠনে দুই দেশের যৌথ অঙ্গীকারের নতুন অধ্যায়ের সূচনা করবে।
প্রদা/ডিও







