চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার নামের বিপণিবিতানের পঞ্চম তলা থেকে পড়ে মো. মাইনুদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাইনুদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল এলাকার প্রাইমারি স্কুলের পেছনের মাস্টারদের বাড়ির বাসিন্দা মো. মোস্তাকের ছেলে। তবে তিনি চট্টগ্রাম শহরে থাকতেন। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুদ্দিন ফিনলে স্কয়ারের পঞ্চম তলার মোবাইল জোনে ঘোরাফেরা করছিলেন। রাতের দিকে বিপণিবিতান বন্ধ হওয়ার সময় অন্যরা বের হয়ে গেলেও তাকে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন কয়েকজন। পরে তিনি রেলিংয়ে হেলান দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সেখান থেকে নিচে পড়ে যান।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের অনুমান না করার আহ্বান জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ফিনলে স্কয়ারের নিরাপত্তা তত্ত্বাবধায়ক প্রিয় দত্ত বলেন, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। পরে জানতে পারেন, ওই যুবক মোবাইল জোনের ফ্লোরে অবস্থান করছিলেন। কীভাবে তিনি নিচে পড়ে গেছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দোকানিদের ভাষ্য অনুযায়ী, রেলিংয়ে হেলান দিতে গিয়ে তিনি পড়ে যেতে পারেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।






