ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পাঠ করানো নিয়ে একটি জটিল আইনি পরিস্থিতি তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী, নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব বিদায়ী স্পিকারের। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর গত ২ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। অন্যদিকে, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখনও পদত্যাগ না করলেও তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
সংবিধানের ৭৪ (৬) অনুচ্ছেদ অনুযায়ী, নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন। এ অবস্থায় শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে।
গত ২৮ জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন, সে বিষয়ে মতামত চেয়ে সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নথি উত্থাপন করেছে। উপদেষ্টার সম্মতি পেলে এ-সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এ সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে।
সংবিধানে যা আছে
সংবিধানের ১৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী, বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। ১৪৮ (২) অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। ১৪৮ (২ক) অনুচ্ছেদে বলা হয়েছে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার বা তাঁর মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই শপথ পড়াবেন।
সংবিধানের এ নির্দেশনা মতে, পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব। এর জন্য সংবিধানে তিন দিন সময় নির্ধারণ করা আছে। কোনো কারণে তিনি ব্যর্থ হলে পরের তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমপিদের শপথ পড়াবেন।
জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান)
দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য এবং আনুষঙ্গিক বিষয়ে ২০২৪ সালের ১৮ নভেম্বর একটি অধ্যাদেশ জারি করে সরকার।
ওই অধ্যাদেশের ৪ ধারায় বলা হয়েছে, সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব এবং ক্ষমতা (সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য-সংক্রান্ত দায়িত্ব ব্যতীত) সংসদবিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবেন।
এই অধ্যাদেশের আলোকে একটি কমিশনও গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সদস্য হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং অর্থ বিভাগের সচিব। তারা সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আনুষঙ্গিক কাজ করছেন।
উপদেষ্টা পরিষদের একটি সূত্র জানায়, সংসদ সচিবালয়ের উত্থাপিত নথির সূত্রে সরকার এখন এমপিদের শপথের জন্য ‘উপযুক্ত ব্যক্তি’ ঠিক করবেন। এক্ষেত্রে সংসদবিষয়ক উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের নামও সামনে আসছে।
পুরো বিষয়টি নিয়ে কথা বলার জন্য গতরাতে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও সাড়া দেননি।
প্রদা/ডিও






