তীব্র জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে দেশের উৎপাদন খাত গতি ফিরে পেতে হিমশিম খাচ্ছে। শিল্প উৎপাদন স্থবির হয়ে পড়ায় কারখানাগুলো নতুন কর্মী নিয়োগ কমিয়ে দিচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অভ ইন্ডাস্ট্রিজের (বিসিআই) এক যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।
বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের বাড়তি দাম এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় চাপে পড়েছে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানা। উৎপাদন সক্ষমতার ব্যবহার কমার পাশাপাশি নতুন কর্মী নিয়োগেও ভাটা দেখা দিয়েছে। কারখানাপ্রতি নতুন কর্মী নিয়োগে কমেছে ১৯ শতাংশ। এছাড়া মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। বিদ্যমান সক্ষমতারই পুরোটা কাজে লাগাতে না পারায় নতুন বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণে সতর্ক হয়ে পড়েছেন উদ্যোক্তারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে শিল্পের এমন দুরবস্থা উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের জরিপের ফল প্রকাশ করা হয়। এতে ১৪টি শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব খাত দেশের মাঝারি ও বড় শিল্পের উৎপাদনের প্রায় ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে।
বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বিশেষ অতিথি ছিলেন বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। উপস্থিত ছিলেন মেট্রো চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, দেশবন্ধু সিমেন্ট মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সভাপতি এম শাহাদাত হোসেন সোহেল। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের পরিচালক কাজী ইকবাল।
জরিপ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে কারখানাপ্রতি মূলধনি যন্ত্রপাতি কেনার গড় ব্যয় ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের ১ কোটি ৭৬ লাখ টাকা থেকে কমে মাত্র ১১ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া প্রায় সব শিল্প খাতেই এ ব্যয় কমেছে। তবে এটি দেশের মোট শিল্প বিনিয়োগ ৯৪ শতাংশ কমে যাওয়ার হিসাব নয়; জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর গড় ত্রৈমাসিক যন্ত্রপাতি কেনার ব্যয়ের তুলনা। যেসব কারখানা ওই সময়ে যন্ত্রপাতি কেনেনি, তাদের ব্যয় শূন্য ধরা হয়েছে।
উৎপাদন সক্ষমতার ব্যবহারেও দুর্বলতা দেখা গেছে। ২০২৫ সালে কারখানাগুলো গড়ে সক্ষমতার ৬৭ শতাংশ ব্যবহার করলেও ২০২৬ সালের এপ্রিল থেকে জুনে তা কমে ৬৬ শতাংশে নেমেছে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে— এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। বস্ত্র খাতে সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশ হয়েছে। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। বিপরীতে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
জরিপে দেখা গেছে, ওই প্রান্তিকে প্রকৃত শিল্প উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকটকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন উদ্যোক্তারা। কারখানাগুলোতে দৈনিক গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে, যা ২০২৫ সালের তুলনায় দ্বিগুণ। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় দাঁড়িয়েছে।
জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসার সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করেছে। ৯৩ শতাংশ এটিকে প্রধান তিনটি বাধার একটি বলেছে। কাঁচামাল সংগ্রহ ও অর্থায়নের ব্যয়কেও ৩৭ শতাংশ কারখানা প্রধান তিনটি বাধার মধ্যে রেখেছে। কাঁচামালের দাম বেড়েছে বলে জানিয়েছে ৯৪ শতাংশ কারখানা। এদিকে কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩১৬ লাখ টাকা থেকে ৩৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ।
শিল্পের এই পরিস্থিতির প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। জরিপে অন্তর্ভুক্ত ১৩০টি কারখানায় কর্মীর সংখ্যা ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। কারখানাপ্রতি নতুন কর্মী নিয়োগের গড় সংখ্যা ১৯ শতাংশ কমে ৩৯ থেকে ৩২ জনে নেমেছে। ২০২৭ সালে এসব কারখানায় ৭ হাজার ৬৯১ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জনকে। জরিপে ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে।
অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) বলেন, শিল্প খাতের প্রকৃত অবস্থা, উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ পরিস্থিতি বুঝতে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই। দীর্ঘদিন ধরেই দেশে একটি ম্যানুফ্যাকচারিং সূচকের প্রয়োজন ছিল। শিল্প খাত নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে অনেক আলোচনা হলেও সেগুলোর বড় অংশ অনুমাননির্ভর। নিরপেক্ষ তথ্য থাকলে সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরা এবং কার্যকর নীতি প্রণয়ন সহজ হবে। তার মতে, শুধু তৈরি পোশাকের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়; শিল্পের বহুমুখীকরণ ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।
বিআইডিএসের গবেষণা পরিচালক কাজী ইকবাল বলেন, একটি শিল্পপ্রতিষ্ঠানের অর্ডার পাওয়া থেকে পণ্য সরবরাহ পর্যন্ত গড়ে ৬৫ দিন সময় লাগে। এর মধ্যে কাঁচামাল সংগ্রহেই ব্যয় হয় প্রায় ৩৫ দিন। এসময় কমাতে পারলে উৎপাদনশীলতা বাড়বে। একইসঙ্গে নতুন কর্মী নিয়োগ কমেছে প্রায় ১৯ শতাংশ এবং গবেষণা ও উন্নয়ন খাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগও খুব কম। শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে জ্বালানি, কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন ব্যবস্থাপনার সমস্যার সমাধান জরুরি।
জরিপে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর প্রকৃত পরিস্থিতিও তুলে আনা প্রয়োজন বলে মনে করেন দেশবন্ধু সিমেন্ট মিলসের তোফাজ্জল হোসেন। তিনি জানান, তার প্রতিষ্ঠানের ১২টি কোম্পানির কার্যক্রম গত আড়াই বছর ধরে বন্ধ। তবে কর্মীদের বেতন দেওয়া হচ্ছে এবং তারা চাকরিতে রয়েছেন। এটি এক ধরনের প্রচ্ছন্ন বেকারত্ব। ব্যাংকিং সমস্যার কারণে অনেক প্রতিষ্ঠান ঋণপত্র খুলতে ও কাঁচামাল আমদানি করতে পারছে না। প্রকৃত ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা নিশ্চিত না করলে উৎপাদন সচল রাখা কঠিন হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সরকার বিনিয়োগ-নির্ভর, উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী অর্থনীতি গড়ে তুলতে চায়। এ জন্য ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় চার বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে; আগামী এক বছরে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের উদ্যোগ রয়েছে। চলতি অর্থবছরে ৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনাও রয়েছে।







