সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে কোন গ্রেডের বেতন কত হবে, তার হিসাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে গ্রেড ভেদে বাড়ির ভাড়ার নতুন শতাংশের হারও চূড়ান্ত করা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা তাদের মূল বেতনের ২৫ শতাংশ থেকে ৬০ শতাংম পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন ঢাকায় কর্মরত সরকারি চাকরিজীবীরা।
নতুন বেতন কাঠামো কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ (১৯ সেপ্টেম্বর) ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এ প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি কর্মচারীদের বর্তমানে প্রদত্ত বিশেষ ভাতা বাতিল হয়ে যাবে। গেজেট অনুযায়ী, ১ জুলাই থেকে গেজেট প্রকাশের সময় পর্যন্ত প্রদত্ত যেকোনো বিশেষ ভাতা বকেয়া বেতনের সাথে সমন্বয় করা হবে।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা
রাজধানী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি চাকুরিজীবীরা স্কেল অনুযায়ী নিম্নোক্ত শতাংশে বাড়ি ভাড়া পাবেন:
- ১৬তম থেকে ২০তম গ্রেড: সর্বনিম্ন ধাপ থেকে সর্বোচ্চ ধাপের কর্মচারীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়ি ভাড়া পাবেন।
- ১০ম থেকে ১৫তম গ্রেড: এই ধাপের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ পাবেন।
- ৫ম থেকে ৯ম গ্রেড: ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা ও অন্যান্য পদের চাকুরিজীবীরা মূল বেতনের ৪৫ শতাংশ পাবেন।
- ১ম থেকে ৪র্থ ও তদূর্ধ্ব গ্রেড: উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়ি ভাড়া সুবিধা পাবেন।
অন্যান্য সিটি করপোরেশন ও নির্দিষ্ট এলাকা
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়ি ভাড়ার হার কিছুটা কম রাখা হয়েছে:
- ১৬তম থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ৫০ শতাংশ।
- ১০ম থেকে ১৫তম গ্রেড: মূল বেতনের ৪০ শতাংশ।
- ৫ম থেকে ৯ম গ্রেড: মূল বেতনের ৩৫ শতাংশ।
- ১ম থেকে ৪র্থ ও তদূর্ধ্ব গ্রেড: মূল বেতনের ৩০ শতাংশ।
জেলা, উপজেলা ও অন্যান্য এলাকা
উল্লিখিত সিটি করপোরেশন ও বিশেষ এলাকাগুলোর বাইরের অন্যান্য জেলা, উপজেলা ও মফস্বল এলাকায় কর্মরত চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়ার হার:
- ১৬তম থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ৪৫ শতাংশ।
- ১০ম থেকে ১৫তম গ্রেড: মূল বেতনের ৩৫ শতাংশ।
- ৫ম থেকে ৯ম গ্রেড: মূল বেতনের ৩০ শতাংশ।
- ১ম থেকে ৪র্থ ও তদূর্ধ্ব গ্রেড: মূল বেতনের ২৫ শতাংশ।
হার কমানো হলেও প্রকৃত ভাতার পরিমাণ বাড়বে
যদিও পূর্ববর্তী বেতন কাঠামোর তুলনায় বিভিন্ন স্তরে নতুন স্কেলে ভাতার হার কমানো হয়েছে, তবে সরকারি চাকরিজীবীরা প্রকৃত অর্থে বেশি পরিমাণ ভাতা পাবেন। কারণ, নতুন কাঠামোয় তাদের মূল বেতন বেড়েছে।
পুরোনো স্কেল অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় কর্মরত কোনো সরকারি চাকরিজীবীর মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে তিনি ৬৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পান (এক্ষেত্রে ন্যূনতম ভাতার পরিমাণ ৫ হাজার ৬০০ টাকা)। মূল বেতন ৯ হাজার ৭০১ টাকা থেকে ১৬ হাজার টাকার মধ্যে হলে ভাতার হার হয় ৬০ শতাংশ (ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা)। মূল বেতন ১৬ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার ৫০০ টাকার মধ্যে হলে ভাতার হার ৫৫ শতাংশ (ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা)। মূল বেতন ৩৫ জাচার ৫০১ টাকার বেশি হলে ভাতার হার ৫০ শতাংশ (ন্যূনতম ১৯ হাজার ৫০০ টাকা)।






