জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির নির্বাহী পরিষদের (একনেক) সভায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়।
তিন প্রকল্পের মধ্যে দুটি হলো: জাপানের অর্থায়নে মেট্রোরেল লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব। অপর প্রকল্পটি হলো এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও কোরিয়ার যৌথ অর্থায়নের এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প।
এর মধ্যে একনেকের মূল এজেন্ডায় বুধবারের একনেক সভায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন উপস্থাপনের কথা ছিল। এ প্রকল্পের সঙ্গে জাপানি অর্থায়নের সংশোধিত দুটি প্রকল্প অনুমোদেনর একনেক সভায় টেবিলে উপস্থাপন করা হয়।
জাপানের অর্থায়নে ৩১.২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-১ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪.৮৯ কোটি টাকা।
অন্যদিকে জাপানের অর্থায়নের ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮.৩৬ কোটি টাকা।
এছাড়া এডিবি ও কোরিয়ান অর্থায়নের ১৩.১০ কিলোমিটার আন্ডরগ্রাউন্ডসহ ১৭.২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।






