হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া হামলা-পালটা হামলার ঘটনায় বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও।
বেড়েছে অপরিশোধিত তেলের দাম।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৮০ ডলারে উঠেছে।
একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯২ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে।এদিকে, ইরান দাবি করেছে, হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন-সংশ্লিষ্ট জাহাজ এবং অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারে তারা হামলা চালিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার জবাবেই এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।অন্যদিকে, ওয়াশিংটন বলেছে, ইরানের যুদ্ধজাহাজে হামলার জবাব হিসেবেই তারা ওই হামলা চালিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও জাহাজ লক্ষ্য করে পালটা হামলা চালিয়েছে। এতে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথগুলোর একটি। সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচলও কমে গেছে। ফলে দীর্ঘ সময় ধরে সরবরাহে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেলের সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।
সূত্র: রয়টার্স