রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য যাওয়া থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি মিডিয়িা সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটে থাইল্যান্ড থেকে থাই এয়ারওয়েজে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে, গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক যান স্পিকার। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল তার।
প্রসঙ্গত, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক। যদিও এ সময়ের মধ্যে স্পিকার সাময়িকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।







