গবেষণার প্রাথমিক হিসাবে চলতি বছর ইউরোপের প্রায় ৫০ শতাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে চাপে রয়েছে।
উচ্চ শ্রম ব্যয়, জ্বালানির বাড়তি দাম ও চীনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতার চাপে ইউরোপের শিল্প খাতের বড় অংশ দুর্বল হয়ে পড়েছে। অঞ্চলটির প্রায় অর্ধেক শিল্পপ্রতিষ্ঠান এখন আর্থিক সংকটে রয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে এসব প্রতিষ্ঠানের প্রায় ৩৭ লাখ কর্মসংস্থান। পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসির সাম্প্রতিক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। খবর এফটি।
গবেষণার প্রাথমিক হিসাবে চলতি বছর ইউরোপের প্রায় ৫০ শতাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে চাপে রয়েছে। ২০২৫ সালে এ হার ছিল প্রায় ৪৫ শতাংশ। অন্যদিকে ২০২৪ সালে ছিল ৪২ শতাংশ। দুই বছরের ব্যবধানে আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানের হার ৮ শতাংশীয় পয়েন্ট বেড়েছে
ইউরোপের শিল্প খাতের এ দুরবস্থা এমন সময়ে সামনে এল, যখন অঞ্চলটির অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, সদস্য দেশগুলোর অভিন্ন বাজার শক্তিশালী করা ও পুঁজিবাজারের সমন্বয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় কমিশন। তবে সংস্কার কার্যক্রমের ধীরগতিতে হতাশ অনেক ব্যবসায়ী। চীনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বিভিন্ন খাতের কোম্পানি কর্মী ছাঁটাই ও ব্যয় সংকোচনের পথে হাঁটছে।
বিশেষ করে গাড়ি ও রাসায়নিক শিল্পে চাপ বেশি দেখা গেছে। ইউরোপের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন করছে। ফলে এক লাখের বেশি কর্মী চাকরি হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিএমডব্লিউ ও ভলভো কারস সাম্প্রতিক মাসগুলোয় মুনাফা কমার বিষয়ে সতর্ক করেছে।
ম্যাককিনসির হিসাবে চলতি বছর ইউরোপের যেসব প্রতিষ্ঠান আর্থিকভাবে সংকটাপন্ন অবস্থায় রয়েছে, তার মধ্যে ৪২ শতাংশ গুরুতর সংকটে এবং ৮ শতাংশ তুলনামূলক কম মাত্রার সংকটে রয়েছে। বাকি অর্ধেক প্রতিষ্ঠান আর্থিকভাবে ইতিবাচক অবস্থায় আছে। এছাড়া এসব প্রতিষ্ঠানের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রায় ১ হাজার ২০০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে গবেষণাটি। মুনাফা, নগদ অর্থের প্রবাহ ও ঋণসংক্রান্ত পাঁচটি সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা মূল্যায়ন করা হয়েছে। যন্ত্রপাতি, গাড়ি, বৈদ্যুতিক সরঞ্জাম ও শিল্প উপকরণসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান এতে অন্তর্ভুক্ত।
জরিপে প্রধান নির্বাহীদের বড় উদ্বেগের বিষয় হিসেবে উঠে আসে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, বিশ্ব অর্থনীতির বিভক্তি, অস্থিতিশীল বাণিজ্যপথ ও গুরুত্বপূর্ণ কাঁচামালকে রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহারের ঝুঁকি।
ম্যাককিনসির ইউরোপীয় ব্যবস্থাপনা অংশীদার তুন্দে ওলানরেওয়াজু বলেন, ‘ইউরোপের উৎপাদনশীলতার ঘাটতি দূর করার কোনো একক সমাধান নেই। তবে আর্থিকভাবে সংকটাপন্ন কিছু প্রতিষ্ঠান কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রশাসনিক কাজের চাপ কমাতে এআই ব্যবহার করছে তারা।’






