বুধবার (২৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশের তাজা আম অস্ট্রেলিয়ায় রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের আম রপ্তানির অনুমোদন পেতে চলমান কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত শেষ করার অনুরোধ জানায় বাংলাদেশ। এ ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও উঠে আসে। এ লক্ষ্যে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি এসব খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধা ও সরকারের দেওয়া প্রণোদনা সম্পর্কে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু বা সম্প্রসারণ, বাণিজ্য সহজীকরণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বেসরকারি খাতের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং সরাসরি ব্যবসায়িক যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর টিফা স্বাক্ষরিত হয়। এর আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বহুমুখীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







