সৃজনশীল অর্থনীতির বিকাশে ৯০ কোটি টাকার পাইলট প্রকল্প নিতে যাচ্ছে সরকার। জিডিপিতে এ খাতের অবদান দেড় শতাংশে উন্নীত করা ও পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অর্থনীতিবিদরা বলছেন, তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা গেলে উদ্যোক্তা তৈরির পাশাপাশি রফতানি বাজারে বহুমুখী পণ্যে বড় সাফল্য পাবে বাংলাদেশ।
দেশের ঐতিহ্যবাহী পণ্যে সৃজনশীল অর্থনীতির নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ। সতরঞ্জি, নকশিকাঁথা, শীতলপাটি থেকে শুরু করে তাঁতবস্ত্র, বেত কিংবা বাঁশশিল্প—স্থানীয় কারিগরদের দক্ষতা ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণে উদ্যোগ নিচ্ছে সরকার।
চলতি অর্থবছরের বাজেটে ক্রিয়েটিভ অর্থনীতির জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে ৩০০ কোটি টাকা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে আরও ৫০০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ রয়েছে।
সূত্র বলছে, অর্থ বিভাগের জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদি ৯০ কোটি টাকার পাইলট প্রকল্প নেয়ার।
পলিসি থিংক অ্যান্ড রিসার্চের চেয়ারম্যান মো. মাজেদুল হক বলেন, সৃজনশীল অর্থনীতির বিকাশে অর্থায়নের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সুশৃঙ্খল সরবরাহব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ খাতের অগ্রগতিতে কার্যকর রফতানি নীতিও থাকতে হবে।
প্রাথমিকভাবে ৮টি জেলার ৮ ধরনের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে বাস্তবায়ন হবে প্রকল্পটি। এতে কারিগর ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পণ্যের নকশা ও মান উন্নয়ন, জিআই নিবন্ধন এবং ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ থাকবে। পাশাপাশি গুরুত্ব দেয়া হবে দেশি-বিদেশি বাজারের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ তৈরি ও ব্র্যান্ডিংয়ে।
মো. মাজেদুল হক বলেন, তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে পারলে ঐতিহ্যবাহী পণ্যে বৈচিত্র্য ও উদ্ভাবন আনা সম্ভব। তবে শুধু নতুন পণ্য তৈরি করলেই হবে না, আন্তর্জাতিক বাজারে সেগুলোর বিপণন ও বাজার সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য প্রদর্শন এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের রফতানি আয় বাড়ানোর সুযোগ রয়েছে।
ঢাকার পূর্বাচলে ১৬০ একর জমিতে সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব নির্মাণের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়েও আঞ্চলিক ক্রিয়েটিভ হাব গঠনের বিষয়টিও রয়েছে বিবেচনায়।






