কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কতটা ভূমিকা রাখতে পারবে, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এর জেরে শেয়ারবাজারে দরপতনের পাশাপাশি কমেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় টানা তিন সপ্তাহ ধরে দরপতনের ধারায় রয়েছে জ্বালানি পণ্যটি।
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) এশিয়ার শেয়ারবাজারগুলোও নিম্নমুখী ছিল। প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রায় ৪ শতাংশ দরপতন হয়। একই চিত্র দেখা যায় চীন, হংকং ও অস্ট্রেলিয়ার বাজারেও। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়। বিশেষ করে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারের সূচক নাসডাক এক সপ্তাহে ১০ শতাংশ কমে যায়
বাংলাদেশ সময় সকাল ৮টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্টে নেমে আসে।
এর আগের সপ্তাহেও তেলের বাজারে বড় দরপতন হয়েছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।
তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনায় তেলের দামের পতন সীমিত রয়েছে। যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও কাটেনি। তথ্যসূত্র: রয়টার্স







