চট্টগ্রাম নগরীর ফলমন্ডি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্না করা ভাতে তেলাপোকা পাওয়ায় এবং বাসি তেল ব্যবহারের দায়ে তিনটি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্টগুলোর রান্নাঘর থেকে বেরিয়ে আসে নানা অনিয়ম। কোথাও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাবার, কোথাও রান্না করা ভাতের সঙ্গে পাওয়া গেছে তেলাপোকা। আবার বাসি তেল ব্যবহার করে রান্না করা হচ্ছে বিভিন্ন খাবার। শুধু তাই নয়, রান্না করা খাবারও রাখা হচ্ছে খোলা অবস্থায়। এতে খাবারে ধুলাবালি, পোকামাকড় ও জীবাণু মিশে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।অভিযানকালে এসব অনিয়মের বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নানা অজুহাত দেখালেও তা আমলে নেননি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।
ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।






