কানাডা ও রাশিয়া থেকে দেড় লাখ টন এমওপি (মিউরেট অব পটাশ) সার আমদানিসহ মোট ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সার কেনার চারটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাপান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।
সভায় কৃষি মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রস্তাবের আওতায় কানাডা থেকে ৮০ হাজার টন এবং রাশিয়া থেকে ৭০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।
এছাড়া খাদ্য অধিদপ্তরের জন্য ৩০ কেজি ধারণক্ষমতার ১ কোটি পিস পাটের বস্তা কেনার প্রস্তাব এবং কাতারের প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির মূল্য থেকে ভিন্ন মূল্যে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, কানাডার সরকারি প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৮৮ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ২০০ টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮২.৩৮ মার্কিন ডলার।
একই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় আরও ৪০ হাজার টন সার আমদানির প্রস্তাবেও একই দর ও ব্যয় উল্লেখ করা হয়েছে।
রাশিয়ার প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ৪১ লাখ ৭৫ হাজার ৮৮০ টাকা।
একই প্রতিষ্ঠান থেকে আরও ৩৫ হাজার টন সার আমদানির প্রস্তাবেও ১৬৫ কোটি ৫৫ লাখ ১৪ হাজার ২১০ টাকা ব্যয় ধরা হয়েছে। এ দুই প্রস্তাবেও প্রতি টন সারের দাম ৩৮২.৩৮ মার্কিন ডলার।
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ই-জিপি ব্যবস্থার মাধ্যমে ৫০টি প্যাকেজে ৩০ কেজি ধারণক্ষমতার ১ কোটি পিস পাটের বস্তা কেনার প্রস্তাব করেছে। এ জন্য মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৬৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৮০০।
৫০টি প্যাকেজে ১৩টি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। কমিটি প্রস্তাবটি অনুমোদনের সুপারিশ করেছে।
অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আগামী ২৩ ডিসেম্বর সময়ে চুক্তিতে বিদ্যমান মূল্যের ভিন্ন মূল্যে ১ কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) জন্য জেকেএম এর চেয়ে ০.১০ মার্কিন ডলার কম দাম উল্লেখ করা হয়েছে। কমিটি প্রস্তাবটি অনুমোদনের সুপারিশ করেছে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক
একইদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৬তম সভায় খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।
যুক্তরাষ্ট্র থেকে জিটুজি ভিত্তিতে গম আমদানির লক্ষ্যে ইউএস হুইট অ্যাসোসিয়েটস কর্তৃক অনুমোদিত দুটি প্রতিষ্ঠানের মধ্যে প্রাইস অফার গ্রহণে সর্বনিম্ন দর প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে নেগোসিয়েশন কার্যক্রম গ্রহণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।






