টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় বান্দরবান জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বহু পরিবার বাস্তুহারা হয়ে পড়েছে। দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা ও বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডারের নেতৃত্বে সেক্টর সদর দপ্তরের সদস্যরা জেলা সদরের পার্শ্ববর্তী ক্রাইক্ষ্যংপাড়া এলাকার বন্যাদুর্গত ১২২টি পরিবারকে নিরাপদে উদ্ধার করেন। পরে তাদের শহীদ মোশাররফ বিজিবি স্কুল এবং ক্রাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়।
উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্গত মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।
বিজিবি সেক্টর সদর দপ্তর, বান্দরবানের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক অঙ্গীকার।
সাম্প্রতিক টানা বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসসহ উদ্ভূত বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি সব ধরনের ব্যবস্থা নিয়েছে।