টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে শিশুসহ দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-ওই এলাকার মোহাম্মদ কাজলের মেয়ে সুমি (১৭) ও তার ভাই আবদুল মজিদের ছেলে মোহাম্মদ তৌসিফ (১১)।
স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর পাহাড়ধসে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার জানান, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে মাটি চাপা পড়ে বরইতলীতে দুইজন মারা গেছে।
ইতোপূর্বে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা পরিষদের মাধ্যমে মাইকিং করা হয়।
কিন্তু এরপরও দুর্ঘটনাটি ঘটল। নিহতদের পরিবারে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।