টানা বৃষ্টিতে বিপর্যস্ত নগরজীবনে গতকাল ব্যাপক যানজট পরিস্থিতিকে আরো অসহনীয় করে তোলে। রাস্তায় শত শত গাড়ি যানজটে আটকা পড়েছিল। শহরের অধিকাংশ মোড়েই ট্রাফিক পুলিশ না থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির কারণে ট্রাফিক পুলিশের সদস্যরা মোড় ছেড়ে দোকানপাটে আশ্রয় নেন। এতে করে মোড়ে মোড়ে গাড়ি চালকেরা যে যেভাবে পারে চলাচলের চেষ্টা করে। ফলে যানজট তীব্র আকার ধারণ করে। অবশ্য বৃষ্টি কমার পর ট্রাফিক পুলিশ দায়িত্ব পালনে রাস্তায় নামলে পরিস্থিতির উন্নতি ঘটে।
গতকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় চট্টগ্রামে। বৃষ্টির তোড়ে রাস্তায় ছাতা নিয়ে পুলিশি অবস্থান কঠিন হয়ে উঠে। ফলে ট্রাফিক পুলিশের সদস্যরা ধারে–কাছের দোকানপাটে গিয়ে আশ্রয় নেন। আর এই সুযোগে যানবাহান চালকেরা কে কার আগে যাবে–প্রতিযোগিতায় নামতে গিয়ে চতুর্মুখী যানজটের সৃষ্টি করেন।
দুপুরের দিকে পরীক্ষার হল থেকে এইচএসসি পরীক্ষার্থীরা বের হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। নগরীর জাকির হোসেন রোড, জিইসি মোড়, প্রবর্তক মোড়, চকবাজার, বহদ্দারহাট, জামাল খানসহ সর্বত্রই তীব্র যানজট চোখে পড়ে। যানজটের কারণে পরীক্ষার্থীসহ পথচারীদের বৃষ্টির মধ্যে পথ চলতে হিমশিম খেতে দেখা গেছে।







