জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটির সভায় (একনেক) আনোয়ারা-বাশঁখালী সড়ক প্রকল্পটি অনুমোদন পেয়েছে। প্রায় ১ হাজার ১৮৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় বাজেটের এই প্রকল্পের আওতায় আনোয়ারা থেকে চকরিয়া পর্যন্ত প্রায় ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় তিন হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আনোয়ারা-চকরিয়া সড়কটিও অনুমোদন পেয়েছে।
একনেকের সভায় আনোয়ারার চার হাজার কোটি টাকা ব্যয়ের ‘চীনা অর্থনৈতিক জোন স্থাপন’ প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত তা অনুমোদন পায়নি।
সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো- বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়), আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউস এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁওয়ে লিফট সংযোজন প্রকল্প, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২, ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধন), মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (তৃতীয় সংশোধন) প্রকল্প, দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (তৃতীয় সংশোধিত) প্রকল্প, বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (প্রথম সংশোধিত) প্রকল্প।







