মধ্যপ্রাচ্যে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
তবে হেলিকপ্টারটির সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, হেলিকপ্টারটি হরমুজ প্রণালীর আশপাশের এলাকায় ভূপাতিত হয়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে দুটি সম্ভাবনা সামনে এসেছে—হেলিকপ্টারটি ইরানি হামলার শিকার হয়েছিল কি না, অথবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। একই সঙ্গে ইরানও ঘটনাটি নিয়ে কোনো মন্তব্য করেনি।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান এবং নৌ চলাচল নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এই অঞ্চলে যেকোনো সামরিক ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
মার্কিন কর্তৃপক্ষের তদন্ত শেষ হলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।







