চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র মনজুর আলমের বাসায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর উত্তর কাট্টলি এলাকায় মনজুর আলমের নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আকস্মিক এ সাক্ষাৎকে কেন্দ্র করে বাসার বাইরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দেন। এ সময় সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত জনতার তোপের মুখে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতাই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্ট রাজনৈতিক মহল মনে করছেন, দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা বহন করবে।
তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ।
এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত সফরে চট্টগ্রামে এসে সাবেক মেয়র মনজুর আলমের আমন্ত্রণে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, হাসনাত আবদুল্লাহ মূলত ব্যক্তিগত কাজে চট্টগ্রামে এসেছিলেন। এ সময় সাবেক মেয়র মনজুর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আগামীর রাজনীতি হবে এমন সৌহার্দপূর্ণ ও জনগণের।







