পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।
পিএমডির এক বিবৃতিতে বলা হয়েছে, সকাল ৯টা ৫৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়, যার অবস্থান ছিল ৩৬.৭১° উত্তর অক্ষাংশ ও ৭৪.৪৪° পূর্ব দ্রাঘিমাংশ। উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মিরে, যা গিলগিট থেকে ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে।
এতে আরও উল্লেখ করা হয়, গিলগিট, স্কারদু, পাত্তান, বালাকোট এবং এর আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান মূলত তিনটি প্রধান টেকটোনিক প্লেট– অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান এবং ইন্ডিয়ানের ওপর অবস্থিত। যা দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল তৈরি করেছে। একাধিক ফাটল রেখা বা ‘ফল্ট লাইন’র সংযোগস্থলের কারণে এ অঞ্চলে টেকটোনিক নড়াচড়া একটি নিয়মিত ঘটনা।
গেল ফেব্রুয়ারির শেষদিকে ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই মাসের শুরুর দিকে উত্তর পাকিস্তানের বিভিন্ন অংশে ৪.৫ মাত্রার একটি কম্পন অনুভূত হয়, যার ঠিক একদিন আগেই খাইবার পাখতুনখোয়ায় ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল।