চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বন্দর এলাকা।
এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের পণ্য খালাস ও কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে।
সকাল থেকেই বন্দরের প্রবেশপথগুলোতে শত শত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। আন্দোলনরত শ্রমিকরা বিভিন্ন গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। এর আগে বন্দর কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও তা উপেক্ষা করেই শ্রমিকরা রাজপথে নেমে এসেছেন।
শ্রমিক নেতাদের দাবি, এই ধর্মঘট স্বতঃস্ফূর্ত এবং শতভাগ সফল। বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ আহার জানান, বন্দরের সব যন্ত্রপাতি ও অপারেশনাল কাজ বর্তমানে বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল রবিবারও এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা হুমায়ুন কবির। বিদেশি অপারেটরকে টার্মিনাল ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে শ্রমিকরা তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
প্রদা/ডিও







