থাইল্যান্ড থেকে মোট ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠান থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে এই সয়াবিন তেল কেনা হবে।
সভায় সয়াবিন তেলের পাশাপাশি দেশের জরুরি চাহিদা বিবেচনায় মসুর ডাল, সার ও জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত এসব পণ্য আমদানির প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বাণিজ্য ও কৃষি খাতের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা যায়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পণ্য আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল থাকবে এবং রমজানসহ আসন্ন মাসগুলোতে কোনো ধরনের সরবরাহ সংকট দেখা দেবে না।
প্রদা/ডিও







