চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকার ব্যাপারীপাড়ায় পৈতৃক সম্পত্তি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নীর বিরুদ্ধে পরিবারের সদস্যদের সম্পত্তি থেকে বঞ্চিত করা, প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, নগদ অর্থ লুট এবং পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের এই বিরোধের জেরে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইব্রাহিম।
স্থানীয় ও পারিবারিক সূত্রের দাবি, কাউন্সিলর পদে দায়িত্ব পালনকালে গড়ে ওঠা রাজনৈতিক ও সামাজিক প্রভাবকে কেন্দ্র করেই পারিবারিক সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা শুরু হয়। তবে কাউন্সিলর পদ হারানোর পর থেকে ফেরদৌস বেগম মুন্নী অনেকটা আড়ালে চলে গেছেন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই ও চার বোনের মধ্যে ফেরদৌস বেগম মুন্নী চতুর্থ সন্তান। ২০০০ সালের দিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর এলাকায় তার প্রভাব ও পরিচিতি বাড়তে থাকে। পরিবারের সদস্যদের অভিযোগ, সেই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি পৈতৃক সম্পত্তির ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন। পরিবারের সম্পত্তির যথাযথ বণ্টন না করেই দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্পদ ভোগদখলে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে মুন্নীর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়েও নানা আলোচনা রয়েছে। পারিবারিক সূত্রের দাবি, প্রথমদিকে আবু কায়েম নামে একজন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তার বিয়ে হয়। তবে আবু কায়েমের আগে থেকেই স্ত্রী থাকার বিষয়েও অভিযোগ রয়েছে। বিয়ের পর আবু কায়েম এলাকায় প্রভাব বিস্তার করে মুন্নীর পরিবারের সম্পত্তি এবং মসজিদ-সংক্রান্ত সম্পদ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, একসময় পরিবারের আর্থিক অবস্থা ছিল বেশ নাজুক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ইব্রাহিম নিজের পরিশ্রমে সংসারের ব্যয়ভার বহন করেন। পরিবারের আর্থিক সংকট কাটিয়ে তোলা থেকে শুরু করে সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে। এমনকি মুন্নীর প্রথম কাউন্সিলর নির্বাচনের সময়ও ইব্রাহিম অর্থ ব্যয় করে সহযোগিতা করেছিলেন বলে পারিবারিক সূত্রের বক্তব্য।
কিন্তু সময়ের সঙ্গে সেই পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে। পরিবারের অভিযোগ, ইব্রাহিমের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে ওঠা সম্পদ ও ব্যবসার ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। পৈতৃক সম্পত্তি এখনো যথাযথভাবে বণ্টন না হলেও রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহারের মাধ্যমে সম্পত্তি ভোগদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পরিবারের অন্য সদস্যদের।
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, সাড়ে তিন লাখ টাকা লুটের অভিযোগ
গত ৫ নভেম্বর থেকে বিরোধ নতুন মাত্রা পায় বলে দাবি করেছেন ইব্রাহিমের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ইব্রাহিমের গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক ক্ষতিসাধন করা হয়। এ সময় দোকান থেকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্কসহ প্রায় ২ লাখ টাকা মূল্যের নিরাপত্তা সরঞ্জাম ভাঙচুর ও নষ্ট করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভেঙে নিয়ে যায় বলেও দাবি পরিবারের। এসব ঘটনার কারণে ব্যবসাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইব্রাহিম।
পরিবারের দাবি, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনার ধারাবাহিকতায় এবার ইব্রাহিমের বসবাসের ঘর দখলের চেষ্টা চলছে। মুন্নী ও ইব্রাহিমের পরিবারের বসবাসের ভবন পাশাপাশি হওয়ায় দীর্ঘদিনের সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইব্রাহিমের স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
তাদের আরও অভিযোগ, ইব্রাহিমের বিরুদ্ধে বিভিন্ন নামে ও বেনামে মামলা দিয়ে তাকে বসতঘর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর ফলে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।
দরগাহ শরিফ, মসজিদ ও মাদ্রাসার জায়গা নিয়ে বিরোধ
পারিবারিক সম্পত্তির বিরোধের পাশাপাশি হযরত আবদুর রহমান (রহ.)-এর দরগাহ শরিফ কমপ্লেক্সের জায়গা নিয়েও দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে বলে অনুসন্ধানে জানা গেছে। স্থানীয়ভাবে পরিচিত এই কমপ্লেক্সের আওতায় রয়েছে জামে মসজিদ, হেফজখানা ও ফোরকানিয়া মাদ্রাসা।
পারিবারিক ও স্থানীয় সূত্রের দাবি, এসব ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা ও সম্পত্তির মালিকানা, ভোগদখল এবং ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং একপর্যায়ে তা সংঘাতের পর্যায়ে পৌঁছায়।
পরিবারের অভিযোগ, অতীতে দরগাহ শরিফের জায়গা নিয়ে বিরোধের সময় ইব্রাহিমের বাবা হাজী মো. লেদু সওদাগরকে ক্ষমতার অপব্যবহার করে হয়রানি করা হয়েছিল। এমনকি তাকে কারাবরণও করতে হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাদের ভাষ্য, সেই পুরোনো বিরোধের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলা, হামলা এবং হয়রানির ঘটনা ঘটেছে।
প্রশাসনিক সহযোগিতা না পাওয়ার অভিযোগ
ইব্রাহিমের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অর্থ লুট, ভাঙচুর ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। এসব ঘটনায় প্রশাসনিক সহযোগিতা চাইলেও প্রত্যাশিত সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ ও অতীতের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিষয়গুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। ফলে তারা ন্যায়বিচার পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন।
এ বিষয়ে ইব্রাহিমের স্ত্রী নউরিন জাহান উইন্টার জানতে চাইলে তিনি বলেন, এক ছেলে এক মেয়ে নিয়ে ভয়ভীতি নিয়ে দিনযাপন করছি এবং হামলার আতঙ্কে আছি’’
অভিযোগের বিষয়ে মুন্নীর বক্তব্য পাওয়া যায়নি
ফেরদৌস বেগম মুন্নীর বিরুদ্ধে ওঠা পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, দরগাহ শরিফ কমপ্লেক্সের জায়গা নিয়ে বিরোধ, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অর্থ লুট, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের এই বিরোধের নিরপেক্ষ তদন্ত এবং পৈতৃক সম্পত্তির সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং দরগাহ শরিফ কমপ্লেক্সের সম্পত্তির প্রকৃত মালিকানা ও ব্যবস্থাপনা নির্ধারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।






