বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় এ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে।
তিনি জানান, ব্যাংক খাতে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচি চলছে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে আমানত বৃদ্ধির চিত্র সব ব্যাংকে সমান নয়। গ্রাহকরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান ও আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমানত বাড়ার পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনের সময় অর্থ উত্তোলন, মেয়াদি আমানত ফেরত এবং চেক ও এটিএম সেবা নির্বিঘ্ন রাখাও জরুরি। বিশেষ করে আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রে এসব সেবা স্বাভাবিক করা আস্থা ফেরানোর বড় পরীক্ষা।
এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা ফেরাতে শুধু তারল্য সহায়তা যথেষ্ট নয়। করপোরেট সুশাসন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন, ঋণ আদায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিশ্লেষকদের মতে, আমানত বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো গেলে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।






