দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে (আইসিডি) কনটেইনার হ্যান্ডলিং ও পরিবহন চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানো হয়েছে।
বেসরকারি আইসিডিগুলোর সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) সোমবার (২১ সেপ্টেম্বর) এক সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সোমবার থেকেই বর্ধিত চার্জ কার্যকর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিকডা মহাসচিব রুহুল আমীন সিকদার বিপ্লব।
বিকডার সার্কুলারে জানানো হয়, সম্প্রতি সরকার ডিজেলের দাম ১৭ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এই বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আইসিডিগুলোর পরিচালন ব্যয় বেড়ে যাওয়াতে ডিপো মালিকরাও চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নেন।
বিকডার পক্ষ থেকে জানানো হয়, অফ-ডক বা আইসিডির লরি এবং ভারী যন্ত্রপাতি ডিজেলচালিত হওয়ায় পরিচালন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গেছে। যার ফলে এই জ্বালানি সারচার্জ আরোপ করা প্রয়োজন ছিল। মূলত ডিপোর ছয়টি সেবা খাতে ৯ দশমিক ৮৫ শতাংশ হারে চার্জ বাড়ানো হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে বেসরকারি আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন চার্জ, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডিতে খালি কনটেইনার পরিবহন চার্জ, খালি কনটেইনার ওঠানো-নামানোর লিফট-অন ও লিফট-অফ চার্জ এবং খালি কনটেইনার ইয়ার্ড থেকে সিএফএস শেডে আনা, পণ্য বোঝাই করা ও পরে তা চট্টগ্রাম বন্দর বা পিসিটিতে পাঠানোর ক্ষেত্রে রপ্তানি পণ্য স্টাফিং ও হ্যান্ডলিং প্যাকেজ চার্জ বাড়ানো হয়েছে।
সেই সঙ্গে রপ্তানি বোঝাই কনটেইনারে পণ্যের ওজন পরিমাপ (ভিজিএম) ও পরিবহন চার্জ এবং বন্দর থেকে আমদানি কনটেইনার আনা, আনলোডিং করা ও ইয়ার্ডে শ্রমিকদের মাধ্যমে ট্রাকে পণ্য তুলে দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়ার চার্জ বৃদ্ধি করা হয়েছে।
বিকডার পক্ষ থেকে সব বেসরকারি আইসিডিকে এই নতুন সংশোধিত হারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।






