তফসিলি ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত চলতি হিসাবের বিপরীতে লিয়েন রেখে এতদিন যে টিটি ডিসকাউন্টিং সুবিধা বা (স্বল্পকালীন তারল্য বা নগদ অর্থ সংগ্রহে) দেওয়া হতো, তা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
টেলিগ্রাফিক ট্রান্সফার ডিসকাউন্টিং বা সংক্ষেপে টিটি ডিসকাউন্টিং হলো– বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পকালীন তারল্য বা নগদ অর্থ সংগ্রহের একটি বিশেষ ব্যবস্থা, যার মাধ্যমে ব্যাংকগুলো তাদের চলতি হিসাবে লিয়েন রেখে বা সিকিউরিটি ছাড়াই জরুরি নগদ প্রয়োজনের সময় অর্থ ধার পেত।
সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে ব্যাংকগুলোর দৈনন্দিন তারল্য ব্যবস্থাপনায় কল মানি মার্কেট, রেপো, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) এবং আন্তঃব্যাংক ঋণসহ বিভিন্ন কার্যকর অর্থায়নের উৎস বিদ্যমান রয়েছে। ফলে চলতি হিসাবে লিয়েন রেখে টিটি ডিসকাউন্টিং সুবিধা বহাল রাখার আর প্রয়োজনীয়তা নেই বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে এ সুবিধার ব্যবহারও ছিল খুবই সীমিত। এ প্রেক্ষাপটে, বাংলাদেশ ব্যাংক হতে তফসিলি ব্যাংকগুলোকে প্রদত্ত টিটি ডিসকাউন্টিং সুবিধা গত ১ জুলাই থেকে বাতিল হিসেবে গণ্য হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।







