অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে কাঁচামরিচের বাজার স্থিতিশীল করতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে।সরকারের আশা, আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।রোববার (০২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।তিনি বলেন, কাঁচামরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আগামীকাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু হবে।ফলে কয়েক দিনের মধ্যেই বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে এদিন শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে মন্ত্রীরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য এবং সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকরা যেন সরেজমিনে যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরেন। এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। সভা শেষে তারা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।
সরকারের এই পদক্ষেপে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং মূল্য স্থিতিশীল হয়ে সাধারণ ভোক্তারা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।