রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সদস্যসচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি যে, অবিলম্বে মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি, তিনি তার পদত্যাগপত্রে যে ন্যারেটিভ টেনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। কিন্তু তারপরেও তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন, যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই সাহাবউদ্দিনকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। তিনি যত অপরাধ করেছেন, সেই অপরাধগুলোর জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’







