লিওনেল মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেছেন এবং একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন মেসি। এরপর ম্যাচের ৬০ মিনিটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান সহজ একটি শট সামলাতে ব্যর্থ হলে ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি।
৬৬ মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন মেসি। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক। তারপর ৭৬ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। তার দুর্দান্ত নৈপুণ্যে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা।
নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে এই পারফরম্যান্সে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ড ছাড়িয়ে আর্জেন্টাইন মহাতারকা ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে।
বিশ্বকাপ শুরুর আগে মেসির গোল ছিল ১৩টি। এর আগে ফ্রান্সের হয়ে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ১৪ গোল নিয়ে তাকে ছাড়িয়ে গিয়েছিলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেই পাল্টে দেন পুরো হিসাব। ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলে তিনবার প্রতিপক্ষের জাল খুঁজে নেন মেসি।
মেসি বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৭টি ম্যাচ খেলেছেন। পাশাপাশি তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তার অ্যাসিস্ট সংখ্যা ৯টি।
আজকের ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করে লিওনেল মেসি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। ক্রিশ্চিয়ানো ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করেছেন। অন্যদিকে আর্জেন্টিনার মেসি ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন।
২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে তিনি ১টি গোল করেন। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি। তবে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তিনি ৪টি গোল করেন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তার গোলসংখ্যা ছিল ১টি।
এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং ৭টি গোল করেন। সর্বশেষ ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই তিনি ৩টি গোল করলেন।
আলজেরিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে মেসি ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে ১১টি আলাদা দেশের বিপক্ষে বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন। দেশগুলো হলো—সার্বিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, বসনিয়া, ইরান, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, সৌদি আরব এবং আলজেরিয়া।
আরও একটি বিশেষ কাকতালীয় ঘটনা হলো—এই দিনটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির বিশ্বকাপ অভিষেকের ২০ বছর পূর্তির দিন। দুই দশক আগে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মঞ্চে পা রেখেছিলেন তিনি।







