চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।
জাহাজ থেকে ২২ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নেভাতে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নিয়েছে।
এর পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অত্যাধুনিক ফায়ার ফাইটিং টিমকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
এছাড়া নৌবাহিনী এবং বন্দর কর্তৃপক্ষের দুটি জাহাজ কাণ্ডারি-৩ ও কাণ্ডারি-১১ আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।
তবে জাহাজটিতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি কোস্ট গার্ড কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আরবিডি কার্গো বা রিফাইন্ড, ব্লিচড ও পাম অয়েল নিয়ে জাহাজটি বন্দরে আসে।







