সরকারের পক্ষ থেকে গত ২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করার স্পষ্ট নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করেনি দেশের প্রায় ১৫ শতাংশ কলকারখানা। শিল্পাঞ্চল পুলিশের হালনাগাদ তথ্য অনুযায়ী, সোমবার (২৫ মে) পর্যন্ত তাদের আওতাধীন ১০,২৩৮টি কারখানার মধ্যে ১,৫০০টি কারখানা বোনাস পরিশোধ করেনি। এর মধ্যে পোশাক ও টেক্সটাইল খাতের কারখানার সংখ্যা ৪০৯টি।
শিল্পাঞ্চল পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গার্মেন্টস ও টেক্সটাইল খাতের মোট ৩,২৭০টি কারখানার মধ্যে ৪০৯টি কারখানা বোনাস দিতে ব্যর্থ হয়েছে। বোনাসের পাশাপাশি বেতন নিয়ে রয়েছে দীর্ঘসূত্রতা। নিয়ম অনুযায়ী প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কার্যদিবসের মধ্যে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও, আলোচ্য ১৬২টি কারখানা ২৫ মে পর্যন্ত এপ্রিল মাসের বেতন পরিশোধ করেনি। এর মধ্যে ৯২টিই পোশাক ও টেক্সটাইল খাতের কারখানা।
উল্লেখ্য, এই তালিকায় কেবল শিল্পাঞ্চল পুলিশের আওতাধীন কারখানার হিসাব রয়েছে; এর বাইরে থাকা উল্লেখযোগ্য সংখ্যক কারখানা এই তালিকার অন্তর্ভুক্ত নয়।
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মালিকপক্ষ জানিয়েছে, বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে আজ মঙ্গলবারও (২৬ মে) কিছু কারখানা খোলা থাকবে। তবে বিজিএমইএ জানিয়েছে, গত ২৪ মে থেকেই তাদের আওতাভুক্ত অধিকাংশ কারখানায় ধাপে ধাপে ছুটি শুরু হয়ে গেছে।
এদিকে শিল্পাঞ্চল পুলিশের দেওয়া এই তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিজিএমইএ। সংগঠনটির দাবি অনুযায়ী, তাদের ১৭৯৪টি সদস্য কারখানার মধ্যে মাত্র ৪৬টিতে বোনাস বকেয়া আছে এবং এপ্রিলের বেতন বাকি আছে মাত্র ৩টি কারখানায়।






