দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছর হামে ৬৫ শিশুর মৃত্যু হলো। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৩৪৪ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫০৩টি শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ২০৫টি শিশুর হাম শনাক্ত হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে আজ মোট ৬ হাজার ৮১৯ শিশুর হাম শনাক্ত হয়েছে।






