বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ি কিনতে গ্রাহকরা এখন থেকে ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
আজ মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল ব্যাংকে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে অটো লোনে নতুন সুবিধা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে।
সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে, আর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে। এতে আরও বলা হয়, কোনো ব্যক্তির ওপর ঋণের মোট ‘এক্সপোজার’ নির্ধারণের ক্ষেত্রে তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত হবে।
সার্কুলারে উল্লেখ করা হয়, একজন ব্যক্তি ব্যাংক থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল ঋণ নিতে পারবেন, আগে যা ছিল ২০ লাখ টাকা। তাছাড়া বৈদ্যুতিক গাড়ি কেনাতেও বেশি ঋণ দেওয়ার বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।






