চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি শিপিং লাইনের একটি জাহাজের ধাক্কায় দেশি কোম্পানির একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিঙ্গাপুর থেকে আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজ দুটি।
শুক্রবার সকালে জাহাজ দুটিকে বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে আনার প্রাক্কালে এ দুর্ঘটনা ঘটেছে। এতে করে জাহাজ দুটিতে থাকা প্রায় ২ হাজার ৮০০ একক কনটেইনার আটকা পড়ে রয়েছে।
দুটি জাহাজের একটি হচ্ছে বিশ্বের শীর্ষ শিপিং লাইন ‘মায়েরস্ক’র। আরেকটি দেশি কোম্পানি আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর ‘এইচ আর তুরাগ’।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকারের নৌ-বাণিজ্য অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের প্রিন্সিপাল অফিসার শেখ জালাল উদ্দিন গাজী।
শুক্রবার বহির্নোঙর থেকে জাহাজ দুটি চালিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে আনতে গিয়েছিলেন বন্দরের দুই পাইলট ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকী এবং ক্যাপ্টেন মোহাম্মদ শামসুদ্দীন। জাহাজ দুর্ঘটনার ভয়াবহতা দেখে জাহাজ না এনে তারা বন্দর ভবনে ফিরে আসেন।
ক্যাপ্টেন মোহাম্মদ শামসুদ্দীন বললেন, ‘জাহাজের কাছে পৌঁছার আগেই দুর্ঘটনা ঘটে গেছে। পরে জাহাজে উঠে দেখি দুটি জাহাজের মূল অংশ ক্ষতিগ্রস্ত। পানির নিচের অংশে জাহাজের কোনো ক্ষতি হয়েছে কি না, সেটি তদন্ত করে নিশ্চিত হতে হবে। এ অবস্থায় জাহাজ ছাড়াই আমরা বন্দর ভবনে ফিরে আসি।’
কারণ, এ রকম ক্ষতিগ্রস্ত জাহাজ বন্দর জেটিতে ঢুকাতে গেলে বন্দরের মোহনা অর্থাৎ সাগর থেকে বন্দরে প্রবেশমুখে বিপর্যয় হওয়ার আশঙ্কা থাকে।
ক্ষয়ক্ষতি নিরূপণ, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং চলাচলের অনুমতি না পাওয়ায় দুটি জাহাজ এখনো বহির্নোঙরে অপেক্ষায় আছে।







