২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে দেশে এসেছে নতুন একটি জাহাজ। ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের জাহাজটি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটিতে থাকা তেল সরবরাহ করেছে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান ‘পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন’।
বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির কর্মকর্তারা জানান, দেশে বর্তমানে ফার্নেস তেলের কোনো সংকট নেই। ৬ এপ্রিল পর্যন্ত দেশে ফার্নেস তেলের মজুত ছিল ৬৩ হাজার ২৮১ টন, যা দিয়ে প্রায় ২৮ দিন চাহিদা পূরণ সম্ভব। নতুন করে ২৫ হাজার টন তেল যোগ হওয়ায় মজুত পরিস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
‘হাই-সালফার ফার্নেস অয়েল’, যা সাধারণত কালো তেল নামে পরিচিত, শিল্পকারখানার চুল্লি, বিদ্যুৎকেন্দ্রের বয়লার এবং সমুদ্রগামী জাহাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনেই এ তেলের ব্যবহার সবচেয়ে বেশি।
বিপিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে সরবরাহ করা মোট জ্বালানির মধ্যে ফার্নেস তেলের অংশ ছিল প্রায় ১৩ শতাংশ। একই সময়ে দেশে ফার্নেস তেল বিক্রি হয়েছে প্রায় ৮ লাখ ৮৭ হাজার টন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে মার্চ মাসেও ২৫ হাজার টন ফার্নেস তেল দেশে আসে। এর ধারাবাহিকতায় চলতি মাসে আরও একটি জাহাজ আগমন জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রদা/ডিও






