সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ ও সংশোধনী অনুমোদন করেছে জাতীয় সংসদ। আজ রোববার ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬’সহ দুটি বিল কণ্ঠভোটে পাস হয়।
বিল অনুযায়ী, বিসিএসসহ সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে।
সংসদে কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই বিল দুটি পাস হয়। এতে মোট চারটি অধ্যাদেশ আইনে পরিণত হলো।
এর আগে বিরোধী দল বিষয়টি নিয়ে আলোচনা চাইলেও সরকার জানায়, সংশ্লিষ্ট সব অধ্যাদেশ পর্যায়ক্রমে সংসদে আনা হবে এবং আলোচনার সুযোগ থাকবে।
এদিকে নতুন আইনে সরকারি কর্মচারীদের আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে অসদাচরণের জন্য বিভিন্ন ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।






